ভাণ্ডারিয়ায় ভেজাল কারখানার মালিকের ২ বছরের জেল

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ভেজাল কারখানার মালিকের ২ বছরের জেল
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

ভাণ্ডারিয়ায় ভেজাল কারখানার মালিকের ২ বছরের জেল

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

 

বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় সুমন মিয়ার ভাড়াটিয়া ভবনে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়।

 

জব্দ পণ্যের মধ্যে রয়েছে কৃষাণী চিনিগুড়া চাল, কাশ্মিরি সুগন্ধি চাল, নিউ সান আইসক্রিম, রোবো আইস পপ, ভেজাল মধু ও নিউ সান হোয়াইট ডিটারজেন্ট পাউডার। এ ছাড়া শিশুদের ড্রিংকস ও জুস তৈরির কেমিক্যাল, হাই স্পিড ড্রিংক, আম ও লিচুর ক্ষতিকর ফ্লেভার, অননুমোদিত রং, বিভিন্ন মেশিনারিজ, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটার জব্দ করা হয়।

 

অভিযানকালে আল আমিন হাওলাদারকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করলে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয় প্রশাসন।

 

পরে জব্দ করা নকল ও ভেজাল পণ্য ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় সর্বসাধারণের সামনে ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই কারখানায় বিভিন্ন ধরনের ভেজাল ভোগ্যপণ্য ও শিশু খাদ্য তৈরি করে স্থানীয়ভাবে বাজারজাত করা হচ্ছিল।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য পাওয়া যায়। এসব পণ্য জব্দ করে কারখানা মালিককে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

 

জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:১৫ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ