পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


 

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে মো. সাইফুর রহমান সাকিব নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সাইফুর রহমান সাকিব পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক। আর অভিযোগকারী মনিরুল একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মনিরুলের ভাই লিমন মাহমুদ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন।

 

মামলার অভিযোগ ও মনিরুলের বক্তব্য অনুযায়ী, গত রোববার (৪ অক্টোবর) রাতে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বসাক বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

 

মনিরুলের দাবি, পরে পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুর রহমান সাকিব। তার দাবি, মনিরুলকে তারা মারধর করেননি। গভীর রাতে মনির তাদের এলাকার এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। তার কাছ থেকে কোনো মোবাইল ফোন বা টাকা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সাইফুর রহমান সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫২ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ