প্রেসিডেন্ট হচ্ছেন মেসি? ছড়াল নতুন গুঞ্জন

হোম » খেলা » প্রেসিডেন্ট হচ্ছেন মেসি? ছড়াল নতুন গুঞ্জন
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


 

প্রেসিডেন্ট হচ্ছেন মেসি? ছড়াল নতুন গুঞ্জন

সাগরকন্যা স্পোর্টস ডেস্ক

 

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। এবার ফুটবল নয়, রাজনীতির মাঠে নামতে পারেন ‘এলএমটেন’- এমন দাবি করেছেন কানাডীয় এক ভূরাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তা।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে কেন্দ্র করে এ আলোচনা তৈরি হয়েছে। কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ এক সাক্ষাৎকারে দাবি করেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্বে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী মেসিকে।

 

আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির, যিনি ‘স্নিকো’ নামে পরিচিত, সঙ্গে সাক্ষাৎকারে জিয়াং বলেন, মেসি অদূর ভবিষ্যতে পেশাদার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন। পরে তিনি আর্জেন্টিনার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হতে পারেন বলেও দাবি করেন।

 

জিয়াংয়ের ভাষ্য অনুযায়ী, তিনি ‘গেম থিওরি’ ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে বিশ্ব ভূরাজনীতির ঘটনা বিশ্লেষণ করেন। এর আগের কিছু রাজনৈতিক পূর্বাভাস সত্যি হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে তার পেশাগত পরিচয় এবং এসব পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীন ও নিরপেক্ষ কোনো সূত্রে যাচাই করা যায়নি।

 

আর্জেন্টিনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জিয়াং আরও দাবি করেন, মেসি প্রেসিডেন্ট হলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেন। এমনকি প্রায় দুই দশক ধরে ক্ষমতায় থাকার কথাও তিনি উল্লেখ করেন।

 

তবে এই দাবির সঙ্গে আর্জেন্টিনার সাংবিধানিক বিধানের অসঙ্গতি রয়েছে। দেশটির সংবিধানের ৯০ অনুচ্ছেদ অনুযায়ী, একজন প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। প্রতিটি মেয়াদ চার বছরের হওয়ায় পরপর দুই মেয়াদে মোট আট বছর দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

 

এদিকে জিয়াংয়ের আরেক দাবি, মেসি প্রেসিডেন্ট হলেও আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই পর্দার আড়াল থেকে রাজনৈতিক প্রভাব ধরে রাখতে পারেন।

 

তবে মেসি নিজে ভবিষ্যতে আর্জেন্টিনার রাজনীতিতে সক্রিয় হওয়ার বা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কোনো সিদ্ধান্ত ঘোষণা করেছেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে নির্ভরযোগ্য কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে জিয়াংয়ের বক্তব্যকে আপাতত একটি পূর্বাভাস বা ব্যক্তিগত দাবি হিসেবেই দেখা হচ্ছে।

 

সূত্র: ইয়াহু স্পোর্টস

বাংলাদেশ সময়: ১৫:২৬:৩১ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ