
সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সামা টিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তান ও মাস্তুং এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও গতিবিধির ওপর ভিত্তি করে এসব অভিযান চালানো হয়।
খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওয়াজিরিস্তান ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হন।
অন্যদিকে বেলুচিস্তানের মাস্তুংয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসী নিহত হন। এ সময় সিয়াপুশত ও কিল্লি গাশতারি এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে।
খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী এসব অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি সন্ত্রাসীদের নির্মূলে বাহিনীর সাহসিকতা ও পেশাদারত্বের প্রশংসা করে বলেন, সফল এসব অভিযান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের দৃঢ় সংকল্পের প্রতিফলন।
জারদারি আরও বলেন, সন্ত্রাসীদের বিদেশি মদদদাতা ও স্থানীয় সহযোগীদের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও উত্তর ওয়াজিরিস্তান ও মাস্তুংয়ে পরিচালিত অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি ভারত-সমর্থিত ১৮ জন সন্ত্রাসী নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, এসব অভিযান জাতীয় নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা বাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
নাকভি বলেন, ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালানো হচ্ছে। সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।