
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
দীর্ঘ দুই বছরের বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি ভিড়েছে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের কেনা আধুনিক পাঁচটি কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম নিয়ে জাহাজটি টার্মিনালে বার্থিং করে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের প্রথম টার্মিনালে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে এসব সরঞ্জাম কেনা হয়েছে।
নতুন সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কুয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ টন ক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৬৮ মিটার দীর্ঘ ও ৬ মিটার গভীরতার ‘ফান ঝৌ-৬’ গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে যাত্রা করে।
এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করেছিল।
এদিকে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট কাটাতে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রা বন্দরকে ডিজিটাল বন্দর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।
বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, আধুনিক এসব সরঞ্জাম যুক্ত হওয়ায় প্রথম টার্মিনালের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতি আসবে।