বরগুনায় ক্লাসরুমে ২০ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে অভিভাবকরা

হোম » লিড নিউজ » বরগুনায় ক্লাসরুমে ২০ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে অভিভাবকরা
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

বরগুনায় ক্লাসরুমে ২০ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে অভিভাবকরা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা সদরের লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ার পর মাত্র ৩০ মিনিটের মধ্যে একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে আরও ১৯ শিক্ষার্থী। এতে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ৯ শিক্ষার্থীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর একই ধরনের উপসর্গ দেখা দেয় অন্য শিক্ষার্থীদের মধ্যেও। একপর্যায়ে সপ্তম থেকে দশম শ্রেণির মোট ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

 

ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন দ্রুত অভিভাবকদের খবর দেন। স্থানীয়রা অসুস্থ ১১ শিক্ষার্থীকে বরগুনার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের বাড়িতে পাঠানো হয়। অপর ৯ শিক্ষার্থীর অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্সে করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

 

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন বৈদ্য বলেন, হাসপাতালে নেওয়া ৯ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের উপসর্গ দেখে মনে হচ্ছে, তারা গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছিল। একজনের মধ্যে ভয় বা আতঙ্ক তৈরি হওয়ার পর তা দেখে অন্যদের মধ্যেও একই ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বর্তমানে ভর্তি ৯ শিক্ষার্থীই শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।

 

হঠাৎ একসঙ্গে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবারের ক্লাস স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আইনজীবী আবদুল ওয়াসি মতিন বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার খবর পেয়ে দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ