বরগুনায় দুর্গাপূজা ঘিরে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তায় কঠোর নজরদারি

হোম » বরগুনা » বরগুনায় দুর্গাপূজা ঘিরে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তায় কঠোর নজরদারি
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

বরগুনায় দুর্গাপূজা ঘিরে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তায় কঠোর নজরদারি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিস তাছলিমা আক্তার।

 

জেলা প্রশাসক বলেন, ‘দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতি ও ঐতিহ্যেরও অংশ। বরগুনায় সবাই যেন নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’

 

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার - এই চেতনায় পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

 

সভায় জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

 

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পূজা চলাকালে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ