মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে সম্পর্ক, ইউপি সদস্যের বিরুদ্ধে তরুণীর অভিযোগ

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে সম্পর্ক, ইউপি সদস্যের বিরুদ্ধে তরুণীর অভিযোগ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে সম্পর্ক, ইউপি সদস্যের বিরুদ্ধে তরুণীর অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে অস্বীকৃতি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

 

অভিযুক্ত মো. জসিম মাতুব্বর উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তরুণীর সাবেক স্বামী প্রবাসে থাকার সুযোগে ইউপি সদস্য জসিম মাতুব্বরের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে জসিম তাকে বিয়ের আশ্বাস দিয়ে সাবেক স্বামীকে তালাক দেওয়ার পরামর্শ দেন। তার কথায় বিশ্বাস করে প্রায় দুই বছর আগে ওই তরুণী সাবেক স্বামীকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, এরপর জসিম বিয়ের কথা বলে বিভিন্ন সময়ে ওই তরুণীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন। এ সময় তাকে ঢাকা ও কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। একাধিকবার বিয়ের জন্য চাপ দিলেও জসিম নানা কৌশলে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করেন তরুণী।

 

তরুণীর অভিযোগ, সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাবার বাড়িতে গিয়ে জসিম আবারও তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি গালিগালাজ, দুর্ব্যবহার ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এ ছাড়া সম্পর্কের ডিজিটাল প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে দুটি মোবাইল ফোন ভেঙে ফেলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. জসিম মাতুব্বর এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হচ্ছে।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ