
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪ কৃষকের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মঞ্জুর।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা ও প্রণোদনা পাবেন।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর খামারবাড়ির উপপরিচালক সৌমিত্র সরকার, ভাণ্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল ইসলাম শাওন ও ইমরান হোসেনসহ উপকারভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের প্রথম ধাপে ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের ১ হাজার ৬২৪ জন কৃষকের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
স্থানীয় কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের বিভিন্ন ধরনের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ নানা সুবিধা দেওয়া হবে। এতে প্রকৃত কৃষক শনাক্তকরণ এবং তাঁদের কাছে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
এসই/এমআর