মাদককারবারির বাসা থেকে যুবদল নেতা ও বন কর্মকর্তা আটক

হোম » ভোলা » মাদককারবারির বাসা থেকে যুবদল নেতা ও বন কর্মকর্তা আটক
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবিটি দিক্ষিণ আইচা থানার

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় এক চিহ্নিত মাদককারবারির বাসা থেকে যুবদল নেতা ও এক বন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক দুজন হলেন- দক্ষিণ আইচা থানা যুবদল নেতা ইব্রাহিম নয়ন ও বন কর্মকর্তা রুমেল রনি।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে স্থানীয় মাদককারবারি জসিমের বাসায় অভিযান চালায়। এ সময় সেখানে ইব্রাহিম নয়ন ও রুমেল রনিকে পাওয়া গেলে তাদের আটক করা হয়। তবে জসিম পালিয়ে যেতে সক্ষম হন। তাকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

 

পুলিশের প্রাথমিক সন্দেহ, আটক দুজন মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তারা মাদক সেবন করেছেন কিনা, তা নিশ্চিত করতে তাদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করানো হবে। পরীক্ষার ফলাফল পজিটিভ হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে অভিযানের সময় স্থানীয় এক বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থীর সহযোগিতায় মাদককারবারি জসিম, মাসুদ জমাদ্দার ও আব্বাস পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

 

দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির বলেন, ‘আটক দুজনই মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সত্যতা ও মাদক সেবনের প্রমাণ নিশ্চিত করতে তাদের ডোপ টেস্ট করানো হবে। পরীক্ষার ফলাফল পজিটিভ হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

 

গভীর রাতে মাদককারবারির বাসায় একজন রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তার উপস্থিতি এবং তাদের আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, দক্ষিণ আইচা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৫০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ