পায়রা সেতুতে তরুণ-তরুণীকে হেনস্তা করে টাকা আদায়ের অভিযোগ

হোম » পটুয়াখালী » পায়রা সেতুতে তরুণ-তরুণীকে হেনস্তা করে টাকা আদায়ের অভিযোগ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬


 

পায়রা সেতুতে তরুণ-তরুণীকে হেনস্তা করে টাকা আদায়ের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী) 

 

পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের হেনস্তা করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ১৫ থেকে ১৬ জন কিশোরের একটি দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সেতুর ওপর দুই তরুণ-তরুণীকে ঘিরে হেনস্তার সময় ঘটনাটি দেখে এক সাংবাদিক এগিয়ে গেলে তাকেও ধাওয়া করার অভিযোগ উঠেছে।

 

পরে ওই সাংবাদিক ৯৯৯-এ ফোন করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

 

ভুক্তভোগী মোহাম্মদ আসাদ (২১) জানান, তিনি সুবিদখালী থেকে পায়রা সেতুতে ঘুরতে এসেছিলেন। সেতুর ওপর কিশোররা তাদের ডেকে প্রথমে ভয়ভীতি দেখায়। পরে সেতুতে ঘুরতে এলে সবার কাছ থেকে টাকা নেওয়া হয় বলে জানায় তারা। এমনকি সেনা সদস্যদের কাছ থেকেও টাকা নেওয়ার কথা বলা হয়। টাকা না দিলে সেতুর নিচে নিয়ে কান ধরে উঠবস করানোর হুমকি দেওয়া হয়।

 

আসাদ বলেন, ‘আমার কাছে ২০০ টাকা ছিল, তা ওরা নিয়ে গেছে। পরে সাংবাদিক ও পুলিশ আসার বিষয়টি বুঝতে পেরে দ্রুত চলে যায়। অন্যথায় একটা ফোনও হয়তো নিয়ে যেত।’ এ সময় রায়হান শরীফ নামে একজন তাকে বেশি হেনস্তা করেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার বিচার দাবি করেন আসাদ।

 

প্রত্যক্ষদর্শী ওই সাংবাদিক জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় পায়রা সেতুর ওপর ওই কিশোরদের দুই তরুণ-তরুণীকে ঘিরে রাখতে দেখেন তিনি। বিষয়টি জানতে মোটরসাইকেল থামিয়ে কথা বলার চেষ্টা করলে কিশোররা তাকে চলে যেতে বলে। পরে তিনি দূর থেকে ঘটনার ছবি ধারণের চেষ্টা করেন। ছবি তোলার বিষয়টি বুঝতে পেরে কিশোররা তাকে ধাওয়া করে।

 

পরে নিরাপদ স্থানে গিয়ে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে দুমকি থানার এসআই সুমন ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ আসার বিষয়টি টের পেয়ে কিশোররা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে পুলিশ ভুক্তভোগী তরুণ-তরুণীর সঙ্গে কথা বলে।

 

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা ঘটনার সত্যতা পেয়েছে। এ ধরনের ঘটনা সম্পর্কে এর আগে তাদের কাছে কোনো তথ্য ছিল না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ সব সময় সোচ্চার রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

 

স্থানীয়দের অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, পায়রা সেতু পটুয়াখালীর অন্যতম দর্শনীয় স্থান হওয়ায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি বেশি। গুরুত্বপূর্ণ এই পর্যটনকেন্দ্রে কিশোরদের সংঘবদ্ধভাবে ভয়ভীতি প্রদর্শন ও টাকা আদায়ের ঘটনায় দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

পায়রা সেতু এলাকায় কিশোর গ্যাংয়ের এমন তৎপরতা বন্ধে নিয়মিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:১০ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ