চরফ্যাশনে কচুরিপানার ভেতর যুবকের মরদেহ, বাড়িঘরে ভাঙচুর-আগুন

হোম » ভোলা » চরফ্যাশনে কচুরিপানার ভেতর যুবকের মরদেহ, বাড়িঘরে ভাঙচুর-আগুন
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

এটি একটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকায় কচুরিপানার ভেতর থেকে বশার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়দের একাংশ সালমা নামে এক নারীর বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বশার শনিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। রবিবার দুপুরে সালমার বাড়ির সামনে একটি পুকুরে কচুরিপানার সঙ্গে বশারের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

 

স্থানীয়দের দাবি, বশার একটি মামলার সাক্ষী ছিলেন। ওই মামলায় সালমা তাকে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বশার এতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়দের একাংশ সালমার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় আইনগত সহযোগিতাও দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫২:২২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ