
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু।’ অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদককারবারিসহ যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা হবে।
এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, এস এম রেজাউল ইসলাম শামীম, হাসান মামুন, জিয়াউল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।