
সাগরকন্যা ডেস্ক
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা জয়যাত্রা অব্যাহত রেখেছে। শনিবার সেভিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। বার্সেলোনার জয়ে তিনটি গোলই করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পরও ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়াকে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া।
রাফিনিয়ার এটি চলতি মৌসুমে দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের জয়েও তিনবার গোল করেছিলেন তিনি। লিগে সাত ম্যাচে তাঁর গোলসংখ্যা ১২। চ্যাম্পিয়নস লিগে করেছেন আরও দুটি গোল।
চলতি মাসের শুরুতে প্রকাশিত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রাফিনিয়ার নাম না থাকায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে। এ বিষয়ে গার্সিয়া বলেন, ‘ব্যালন ডি’অরের জন্য সে যে মনোনীত হয়নি, এটা একটা তামাশা। সে একজন ম্যাচ বিজয়ী। এ কারণেই আমি এসব পুরস্কারে বিশ্বাস করি না। সে সবকিছু করে।’
গত মৌসুমে সেভিয়ার মাঠে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবারও শুরুটা ভালো হয়নি তাদের। ইউসুফ ফোফানার গোলে এগিয়ে গিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে চলতি মৌসুমে প্রথম পয়েন্ট পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত রাফিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সের সামনে তা ধরে রাখতে পারেনি সেভিয়া।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে একটি গোল করেন রাফিনিয়া। বিরতির পর আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নিজেদের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গার্সিয়া বলেন, ‘বার্সেলোনা শীর্ষ পর্যায়ে খেলছে, যদিও সেভিয়াকে নিয়েই আমার আগ্রহ। আজ আমাদের হারানোর জন্য বার্সাকে সেরা খেলা খেলতে হয়েছে। আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত।’
সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম আট ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে এই জয়ের ধারাও অক্ষুণ্ন রাখল তারা। আগামী ১০ অক্টোবর গেতাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।
তবে বড় জয় পেলেও দলের পারফরম্যান্সের কিছু জায়গায় অসন্তুষ্ট বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, ‘এটা ছিল কঠিন খেলা, বিশেষ করে প্রথমার্ধে। আমরা অনেকবার খুব সহজেই বলের নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, যেটা সচরাচর আমাদের মানের সঙ্গে যায় না।’