মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোর গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোর গ্রেপ্তার
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোর গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মহিপুর থানাধীন ৭ নং লতাচাপলি ইউনিয়নের ডঙ্কুপাড়া গ্রামে ওই কিশোরের বসতঘরে তার আপন বোনসহ প্রতিবেশী আরও তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

 

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ওই কিশোরকে আটক করে মারধর করেন এবং তার মাথার কিছু চুল কেটে দেন বলে অভিযোগ রয়েছে।

 

পরে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগী এক শিশুর মা মোছা. জাকিয়া বেগম বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা করেন।

 

মামলার পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার লতাচাপলি ইউনিয়ন পরিষদের পাশের একটি গলি থেকে এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে এলাকায় এ নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

 

মহিপুর থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ সময়: ১৯:৩৭:২৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ