রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট মেরামতে ভারতীয় প্রকৌশলীরা এখনও আসেননি

হোম » জাতীয় » রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট মেরামতে ভারতীয় প্রকৌশলীরা এখনও আসেননি
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ২ নম্বর ইউনিটের মেরামতকাজে ভারত থেকে আসার কথা থাকা দুই বিশেষজ্ঞ প্রকৌশলী বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পৌঁছাননি। ফলে ইউনিটটি কবে নাগাদ চালু হবে, তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। উৎপাদন স্বাভাবিক হতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রের এক কর্মকর্তা।

 

রবিবার সকালে বয়লার অতিরিক্ত গরম হয়ে যাওয়াসহ অভ্যন্তরীণ কারিগরি ত্রুটি দেখা দিলে ২ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ইউনিটটি ‘কুল ডাউন’ বা ঠান্ডা করার প্রক্রিয়ায় রয়েছে।

 

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, ভারতীয় বিশেষজ্ঞ প্রকৌশলীরা এসে পৌঁছানোর পর বয়লারের বাকি কাজ করা হবে। এরই মধ্যে দেশি প্রকৌশলীরা প্রাথমিক কাজ শুরু করেছেন।

 

তিনি বলেন, নির্দিষ্ট করে কোন দিনে ইউনিটটি পূর্ণ উৎপাদনে ফিরবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে উৎপাদন স্বাভাবিক হতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, বন্ধ ইউনিটটি বর্তমানে ‘কুল ডাউন’ প্রক্রিয়ায় রয়েছে।

 

কেন্দ্রটির কর্মকর্তারা জানান, রামপাল বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। কয়লা সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়নি। ২ নম্বর ইউনিট বন্ধ হওয়ার আগে কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করছিল। ইউনিটটি বন্ধ হওয়ার পর উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে।

 

এদিকে উৎপাদন কমে যাওয়ায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। দ্রুত মেরামত শেষ করে বন্ধ ইউনিটটি উৎপাদনে ফেরানোর দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৩১ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ