নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা

হোম » পিরোজপুর » নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

নেছারাবাদে ছারছীনা শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা সচেতনতামূলক সভা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ছারছীনা কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন।

 

সভায় বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, ছারছীনা দরবার শরীফের দাদা হুজুর নেছার উদ্দীন (রহ.) এ অঞ্চলের অন্যতম ইসলাম প্রচারক ছিলেন। তিনি মানুষকে সহিহ-শুদ্ধভাবে নামাজ, রোজাসহ বিভিন্ন ইসলামী আমল পালনে সঠিক পথে পরিচালিত করেছেন। তাঁর গড়ে তোলা এই মাদ্রাসার পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

 

তিনি বলেন, বিভিন্ন সময় মাদ্রাসা ও আশপাশে ময়লা-আবর্জনা জমে যায়। তাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত হতে হবে। পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপও উদ্বেগের বিষয়। নিয়মিত, অন্তত সপ্তাহে একবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

 

বিভাগীয় কমিশনার আরও বলেন, পরিচ্ছন্নতা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে একা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার বার্তা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারে।

 

এ সময় প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক একটি ভিডিও প্রদর্শন করা হয়।

 

সভায় আরও বক্তব্য দেন নেছারাবাদ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন ও নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।

 

সভা শেষে ছারছীনা মাদ্রাসা প্রাঙ্গণে একশটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৩:২০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ