সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার

হোম » ঝালকাঠী » সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের কাছে সরাসরি তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শুনেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। স্থানীয়রা সড়ক সংস্কার ও মেরামত, খাল খনন, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, নলছিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়রা তাদের এলাকার বিভিন্ন সমস্যা সরাসরি তুলে ধরেন। ড. এস এম জিয়াউদ্দিন হায়দার মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

 

স্থানীয়রা বলেন, “এ ধরনের কর্মসূচি বাংলাদেশে এই প্রথম। সাধারণ মানুষের কাছে এসে তাদের সমস্যার কথা সরাসরি শোনার উদ্যোগ আগে দেখিনি। তিনি নিজে এসে আমাদের এলাকার সমস্যার কথা শুনেছেন, এটা আমাদের জন্য খুবই ভালো লাগার বিষয়।”

 

ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টুসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের উত্থাপিত বিভিন্ন সমস্যা নোট করেন। সড়ক সংস্কার ও মেরামত, খাল খনন, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন-সংক্রান্ত বিষয় দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

 

এদিকে একই কর্মসূচি কুশঙ্গল ইউনিয়নেও অনুষ্ঠিত হয়। সেখানেও স্থানীয়দের কাছে সরাসরি এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বাংলাদেশ সময়: ২১:৩০:৪৮ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ