জিয়ানগরে সরকারি খাল দখল করে নির্মিত ৮ দোকান উচ্ছেদ

হোম » পিরোজপুর » জিয়ানগরে সরকারি খাল দখল করে নির্মিত ৮ দোকান উচ্ছেদ
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

জিয়ানগরে সরকারি খাল দখল করে নির্মিত ৮ দোকান উচ্ছেদ

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মিত আটটি দোকানঘর উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার কালাইয়া খায়েরহাট বাজারসংলগ্ন সরকারি খালে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পিরোজপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রুবাইয়াত ফেরদৌস ও জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওলিউর রহমান (রুবেল) এর নেতৃত্বে এবং ইন্দুরকানী থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।

 

উচ্ছেদ করা দোকানগুলোর মালিকরা হলেন মো. জামাল মোল্লা, মো. মামুন, মো. বাশার আকন, নুরুল ইসলাম, মো. বাসার মৃধা, মো. হাবিবুর রহমান, মো. সোবাহান খান ও মো. আনিস। প্রশাসন জানায়, উচ্ছেদের আগে দোকানঘরের মালিকদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে তারা নোটিশ অনুযায়ী স্থাপনা সরিয়ে না নেওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী সেগুলো উচ্ছেদ করা হয়।

 

অভিযান চলাকালে পুলিশ, সাংবাদিক ও স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিলেন।

 

জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওলিউর রহমান (রুবেল) বলেন, সরকারি জমি ও খাল দখল করে নির্মিত সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। উপজেলার বিভিন্ন বাজারসহ সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।

 

পিরোজপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রুবাইয়াত ফেরদৌস জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। দখলকারী দোকান মালিকদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তারা তা আমলে নেননি। পরে বাধ্য হয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি ও খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:০৭:১২ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ