
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় গত ছয় মাসে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ফলে প্রশংসা কুড়িয়েছেন চরফ্যাসন-মনপুরা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও বিনোদন খাতে নেওয়া এসব উদ্যোগ বাস্তবায়নের পথে থাকায় আধুনিক মনপুরার স্বপ্ন দেখছেন প্রায় দেড় লাখ উপকূলবাসী।
মনপুরার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ডাবল লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এর টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং আধুনিক মানের অ্যাম্বুলেন্স বরাদ্দের অনুমোদনও দেওয়া হয়েছে।
দ্বীপের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কাজিরচর ও কলাতলীকে সংযুক্ত করতে সেতু নির্মাণের প্রক্রিয়া অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার চারটি লঞ্চঘাটে আধুনিক পন্টুন স্থাপনের অনুমোদনও চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ ও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক, খেলোয়াড়দের বিকাশে মিনি স্টেডিয়াম এবং একটি আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দ্বীপবাসীকে আধুনিক নাগরিক সুবিধার আওতায় আনতে মনপুরাকে পৌরসভায় উন্নীত করার কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে এমপি নুরুল ইসলাম নয়ন যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে তিনি কাজ করছেন। এতে তারা সন্তুষ্ট। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা এমপির প্রশংসা করেন এবং তাঁর জন্য দোয়া করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা জানান, এমপি নুরুল ইসলাম নয়নের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে রয়েছে। জনগণের জন্য কাজ করে তিনি মনপুরাকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের চেষ্টা করছেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ডা. মো. কামাল উদ্দিন বলেন, এমপি নুরুল ইসলাম নয়ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেগুলো বাস্তবায়নের পথে রয়েছে। তাঁর হাত ধরে বিচ্ছিন্ন মনপুরা আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।