বাউফলে শিশুকে ইভটিজিংয়ের প্রতিবাদ, বাবাকে কুপিয়ে জখম

হোম » পটুয়াখালী » বাউফলে শিশুকে ইভটিজিংয়ের প্রতিবাদ, বাবাকে কুপিয়ে জখম
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

ইভ‌টি‌জিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা‌কে কু‌পি‌য়ে জখম

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর বাউফলে এক শিশু শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত রাসেল সিকদার জানান, তার মেয়ে শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে একই গ্রামের কবির খানের ছেলে আরাফাত হোসেন (১৫) প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টির প্রতিকার চেয়ে শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে নির্দেশ দেন।

 

রাসেল সিকদার মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

 

রাসেল সিকদার বলেন, বুধবার রাতে তিনি বাড়ির কাছের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আরাফাত ও তার সহযোগী কাওসারের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

 

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে ধারাল কোপের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৮:৫৫:৩৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ