শাবনূরের রহস্যময় বার্তা ঘিরে নতুন কৌতূহল

হোম » বিনোদন » শাবনূরের রহস্যময় বার্তা ঘিরে নতুন কৌতূহল
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


সালমান শাহ হত্যা মামলার আলোচনার মধ্যেই শাবনূরের ৫ শব্দের রহস্যময় বার্তা

সাগরকন্যা বিনোদন ডেস্ক

 

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে নতুন করে আলোচনা শুরুর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের কয়েকটি ছবির সঙ্গে দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’।

 

ফেসবুক পোস্টে শাবনূর সরাসরি সালমান শাহর মৃত্যু বা এ-সংক্রান্ত মামলায় কারও নাম উল্লেখ করেননি। তবে সম্প্রতি সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনা এবং এ ঘটনায় শাবনূরকে ঘিরে বিভিন্ন অভিযোগের মধ্যে তাঁর এমন বক্তব্য নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

 

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী সংবাদমাধ্যমকে অভিনেতা ডনের পুরোনো একটি জবানবন্দির তথ্য জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন সালমান শাহর বাসায় তাঁর স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। জবানবন্দিতে ডন দাবি করেছিলেন, প্রথমে সালমানের নাক-মুখে ক্লোরোফর্ম দিয়ে তাঁকে অচেতন করা হয়। পরে বিশেষ ইনজেকশন প্রয়োগ করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।

 

ডনের ওই জবানবন্দি অনুযায়ী, মরদেহ ঝুলিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত দড়িটি তিনি নিজের কোমরে পেঁচিয়ে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন বলেও স্বীকার করেছিলেন।

 

সালমান শাহর মৃত্যুর পর থেকেই তাঁর ভক্তদের একটি অংশ এ ঘটনার রহস্য উন্মোচন এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবিও উঠেছে।

 

নব্বইয়ের দশক থেকেই সালমান শাহ ও শাবনূরকে ঘিরে প্রেমের গুঞ্জন ছিল। তবে শাবনূর বরাবরই দাবি করেছেন, সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। সম্প্রতি সালমানের মা নীলা চৌধুরীও এই গুঞ্জন নাকচ করে শাবনূরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি জানান, তাঁর ছেলের সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

 

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। ‘তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁদের একসঙ্গে অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপর ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘মহামিলন’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ মোট ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন তাঁরা।

 

শাবনূরের সাম্প্রতিক ওই সংক্ষিপ্ত বার্তা তাই সালমান শাহর মৃত্যু নিয়ে চলমান আলোচনায় নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে তাঁর পোস্টের সঙ্গে সালমান শাহর মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, সে বিষয়ে শাবনূর কিছু উল্লেখ করেননি।

বাংলাদেশ সময়: ৮:০০:১৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ