
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
‘বকেয়া রাখবেন না পৌরকর, পৌরসভাকে করবেন কার্যকর’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী পৌরসভার উদ্যোগে ‘পৌর মেলা ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। নাগরিকদের বকেয়াসহ হালনাগাদ পৌরকর পরিশোধে উৎসাহিত করা এবং পৌরসভার রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট শুরু হওয়া এ পৌর মেলা আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে পৌর এলাকার করদাতারা বকেয়াসহ হালনাগাদ পৌরকর ১০ শতাংশ কমিশনে পরিশোধের সুযোগ পাচ্ছেন।
পৌর মেলার উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বরূপকাঠী পৌরসভার প্রশাসক অমিত দত্ত। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে পৌরসভার প্রশাসক অমিত দত্ত বলেন, নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করেই পৌরকর পরিশোধে এ বিশেষ আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে একদিকে পৌরসভার রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে এ অর্থের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নাগরিক সেবা পরিচালনায় রাজস্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পৌরবাসী নিয়মিত ও সময়মতো পৌরকর পরিশোধ করলে পৌরসভার কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সহজ হবে।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ও চলতি পৌরকর পরিশোধ করে রাজস্ব আদায় কার্যক্রমে সহযোগিতা করতে পৌর এলাকার সব করদাতার প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পৌরকর আদায়ের মাধ্যমে নাগরিক সেবা, সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। তাই সময়মতো পৌরকর পরিশোধ পৌরসভার রাজস্ব বৃদ্ধির পাশাপাশি পৌর এলাকার সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পৌরসভা সূত্রে আরও জানা গেছে, আগামী ২০ আগস্ট পর্যন্ত চলমান এ বিশেষ কর মেলায় বকেয়াসহ হালনাগাদ পৌরকর ১০ শতাংশ কমিশনে পরিশোধের সুযোগ রয়েছে। কর মেলার মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।