মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব

হোম » ইসলামী জীবন » মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ঈমান, আমল, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র। মসজিদকেন্দ্রিক সমাজব্যবস্থা শক্তিশালী হলে মানুষের মধ্যে আল্লাহভীতি, পারস্পরিক ভালোবাসা ও ন্যায়বোধ বৃদ্ধি পাবে।

 

বুধবার (১৯ আগস্ট) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজাবাড়ী (আদর্শ বয়া) এলাকার বাইতুর রহমান জামে মসজিদের শুভ উদ্বোধন ও ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, মাদক, অশ্লীলতা ও সামাজিক অস্থিরতা থেকে তরুণ সমাজকে রক্ষায় মসজিদ, মাদরাসা ও দ্বীনি শিক্ষাকেন্দ্রগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে পীর ছাহেব বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের ঈমান, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।

 

মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশংসা করে তিনি বলেন, আল্লাহর ঘর নির্মাণের পাশাপাশি নিয়মিত নামাজ, কুরআন-সুন্নাহর শিক্ষা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মসজিদকে আবাদ করতে হবে। নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

 

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ছিল ঈমান, সততা, আমানতদারি, দয়া ও মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত। তাই ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রকৃত শিক্ষা হলো নবীজির (সা.) প্রতি ভালোবাসাকে অন্তরে ধারণ করে তাঁর সুন্নাহ ও আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা।

 

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ ও তাঁর ভাইয়েরা সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন। এতে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

 

মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুম মুনীর হামীম, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ আবু ওয়াক্কাস ও মহাসচিব মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ ছালেহী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত পীর ছাহেব কেবলা।

বাংলাদেশ সময়: ২০:১৮:১৪ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ