সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর মো. ফাহিম হাওলাদার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিম গালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. সোহাগ হাওলাদারের ছেলে। সে ৪৬ নম্বর নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় তার মা ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের খালের ঘাটে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়।
ফাহিম হাবাগোবা ও মৃগীরোগী ছিল বলে জানিয়েছে পরিবার। স্থানীয়রা জাল দিয়ে খালে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে রাতে রাজাপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বুধবার ফাহিমের দাদা আবদুল মান্নান হাওলাদার (৭৫) জাল দিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।