পৈতৃক সম্পত্তির বিরোধে বাকেরগঞ্জে যুবককে মারধরের অভিযোগ

হোম » বরিশাল » পৈতৃক সম্পত্তির বিরোধে বাকেরগঞ্জে যুবককে মারধরের অভিযোগ
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


পৈতৃক সম্পত্তির বিরোধে বাকেরগঞ্জে যুবককে মারধরের অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জে পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে থাকা ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানঘর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মো. সোহাগ হাওলাদার (৩৯) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাকেরগঞ্জ সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে থাকা একটি দোকানঘর নিয়ে সোহাগ হাওলাদার ও তাঁর মৃত ভাই কামাল হাওলাদারের পরিবারের সঙ্গে তাঁদের ভাই বাবুল হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাকেরগঞ্জ সদর রোড এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়।

 

একপর্যায়ে বাবুল হাওলাদারের ছেলে সিফাত হাওলাদার ও মেয়ে এলমি আক্তার সোহাগের পথরোধ করে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। মারধরের একপর্যায়ে সোহাগ মাটিতে পড়ে গেলে এলমি আক্তার তাঁর বুকে লাথি মারেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

সোহাগের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ হাওলাদার অভিযোগ করেন, তাঁর ভাই বাবুল হাওলাদার পৈতৃক সম্পত্তির ওয়ারিশদের বঞ্চিত করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। এ ছাড়া অতীতে বাবুল হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন মানুষের জমি-সংক্রান্ত বিরোধে জড়িত থাকার অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

সোহাগ বলেন, আমার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১১:১৪ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ