গৌরনদীতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি

হোম » বরিশাল » গৌরনদীতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


গৌরনদীতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে ডাকাতিসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে আল-হেলাল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বেপারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা নগদ ৮ হাজার টাকা, ৬ আনা ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার দিবাগত গভীর রাতে গৌরনদী পৌরসভার গেরাকুল এলাকায় এ ঘটনা ঘটে।

 

ডাকাতির শিকার পরিবারের গৃহকর্তা ও মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বেপারী জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সংঘবদ্ধ একদল মুখোশধারী ডাকাত তাঁর আধাপাকা বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাঁকেসহ পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। পরে তারা নগদ ৮ হাজার টাকা, ৬ আনা ওজনের এক জোড়া কানের দুল ও দুটি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৮:০০:১৩ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ