বোরহানউদ্দিনের কৃতী দম্পতি পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস উপসচিব

হোম » ভোলা » বোরহানউদ্দিনের কৃতী দম্পতি পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস উপসচিব
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


 

বোরহানউদ্দিনের কৃতী দম্পতি পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস উপসচিব

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনের কৃতী সন্তান পিজুস চন্দ্র দে ও তাঁর সহধর্মিণী শুভ্রা দাস উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে স্বামী-স্ত্রীর উপসচিব পদে পদোন্নতির খবরে বোরহানউদ্দিনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, তাঁদের এ অর্জন দীর্ঘদিনের পরিশ্রম, মেধা, নিষ্ঠা ও দায়িত্ববোধের স্বীকৃতি। তাঁদের কর্মজীবনের সাফল্যে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীও আনন্দিত।

পিজুস চন্দ্র দে ছোটবেলা থেকেই পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে মনোযোগী ছিলেন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এ কর্মকর্তা কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করেন। পরে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শুল্ক বিভাগে কাজ করেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক শুভ্রা দাস স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের সহযোগী হিসেবে কাজ করেন। সে সময় সমাজের বঞ্চিত নারী ও শিশুদের কল্যাণ এবং নারীদের স্বনির্ভর করার বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

পরবর্তী সময়ে পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাস প্রশাসন ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তাঁরা মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে তাঁরা প্রশাসনিক কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পান।

স্বামী-স্ত্রীর একসঙ্গে উপসচিব পদে পদোন্নতিতে বোরহানউদ্দিনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বে তাঁদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের প্রশাসন ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তাঁরা।

এদিকে পিজুস চন্দ্র দে ও শুভ্রা দাসের সুস্বাস্থ্য, সাফল্য এবং কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৫৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ