সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাঁর কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের পৈতৃক বাড়িতে প্রবেশ করেন। পরে তাঁরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেন।
এ সময় একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়ি এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল থেকেও মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।