
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি পর্যায়ে বিরোধ মীমাংসা, ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার ও জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক উদ্যোগের আয়োজনে উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় আরজেএমএফ সদস্য ও অংশীজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী মোসাম্মৎ লাকী আক্তার, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবু নাছের ও প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া।
এ ছাড়া সাংবাদিক শেখ রিয়াজ আহমেদ নাহিদ, জ্যোতির্ময় চক্রবর্তী রতন, এম. শহীদুল আলম বাদল, শামীমা আক্তার ও নাসরিন বেগমসহ সংশ্লিষ্ট অংশীজনেরা সভায় বক্তব্য দেন।
সভায় কমিউনিটি পর্যায়ে বিরোধ মীমাংসার কার্যক্রম, ন্যায়বিচারে মানুষের প্রবেশাধিকার এবং জেন্ডার ন্যায্যতা নিশ্চিতকরণে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে অংশীজনেরা মতামত দেন।
সভায় নাগরিক উদ্যোগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন ও কাউখালী উপজেলা আরজেএমএফের সদস্যরা উপস্থিত ছিলেন।