সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ ও কেঁচোসারের বাজারজাতকরণে সার ডিলার ও ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় কারিতাস মহিপুর কার্যালয়ের আন্ধার মানিক প্রশিক্ষণ কক্ষে এ সভার আয়োজন করে কারিতাস বাংলাদেশ। সংস্থাটির জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ ও বাজারজাতকরণবিষয়ক ‘ধরিত্রী’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও একরাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী। বিশেষ অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান।
সভায় কেঁচোসারের ব্যবহারিক উপকারিতা, কৃষিতে এর ব্যবহার বৃদ্ধি এবং বাজারজাতকরণের সম্ভাবনা তুলে ধরেন জর্জ বৈরাগী। প্রধান অতিথি মো. আশ্রাফ আলী কেঁচোসারের বাজার সম্প্রসারণে স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে কৃষক, সার ডিলার, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা কেঁচোসারের প্রচার-প্রচারণা বাড়ানো, স্থানীয় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে মতামত দেন।
অনুষ্ঠানের শুরুতে সার্বজনীন প্রার্থনা পরিচালনা করেন ধরিত্রী প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামী। এতে স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য ও কারিতাসের প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাসের মার্কেট প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস। শেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য দেন জর্জ বৈরাগী।