কলাপাড়ায় পাখিমারা মতুয়া মন্দিরে নবান্ন উৎসব উদযাপন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় পাখিমারা মতুয়া মন্দিরে নবান্ন উৎসব উদযাপন
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


 

কলাপাড়ায় পাখিমারা মতুয়া মন্দিরে নবান্ন উৎসব উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পিঠা, পায়েস ও ঐতিহ্যবাহী খাবার বিতরণের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ উপলক্ষে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে এ উৎসবের আয়োজন করা হয়।

 

সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাশের আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হয়। এতে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের শতাধিক ভক্ত অংশ নেন।

 

মন্দিরের সাধারণ সম্পাদক নয়নাভিরাম গাইন সাগরকন্যাকে বলেন, নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রতিবছর পহেলা অগ্রহায়ণ এ উৎসবের আয়োজন করা হয়। মতুয়া সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে এতে অংশ নেন।

 

তিনি বলেন, নতুন ফসলের আনন্দ উদযাপনের পাশাপাশি পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের উদ্দেশ্য। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

 

উল্লেখ্য, অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে নবান্ন উৎসবের প্রচলন। নতুন চালের পিঠা-পায়েস তৈরি, আত্মীয়-স্বজনের আপ্যায়ন ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে গ্রামবাংলায় এ উৎসব উদযাপিত হয়।

বাংলাদেশ সময়: ১৪:২১:৩৬




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ