বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে হামলা, টেকনোলজিস্টকে মারধর

হোম » বরগুনা » বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে হামলা, টেকনোলজিস্টকে মারধর
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে হামলা, টেকনোলজিস্টকে মারধরসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে হামলা চালিয়ে কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্টকে মারধর ও বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এক্স-রে কক্ষে রোগীর সঙ্গে ২০ থেকে ২৫ জন স্বজনকে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে হাসপাতালের এক্স-রে বিভাগে এ হামলার ঘটনা ঘটে। এতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত রুনা নামের এক নারী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে এক্স-রে করার পরামর্শ দেন। পরে স্বজনেরা তাঁকে নিয়ে এক্স-রে বিভাগে যান। এ সময় রোগীর সঙ্গে ২০ থেকে ২৫ জন স্বজন একসঙ্গে কক্ষে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) আবুল হোসেন তাঁদের বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে এক্স-রে কক্ষে হামলা চালিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।

 

আবুল হোসেন বলেন, ‘রুনা নামের ওই রোগী এক্স-রে করতে এলে তাঁর সঙ্গে ২০ থেকে ২৫ জন লোক কক্ষে প্রবেশ করেন। এত লোকের উপস্থিতিতে এক্স-রে করতে সমস্যা হওয়ায় তাঁদের বাইরে যেতে বলি। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে আমাকে হুমকি দেন। রোগীর একটি এক্স-রে করার কথা থাকলেও তাঁরা দুটি করতে বলেন। পরে এক্স-রে করে স্বজনেরা চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার ফিরে এসে আমার ওপর হামলা চালান। এ সময় কক্ষের কম্পিউটার, ফটোকপি মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি ফেলে ভাঙচুর করেন।’

 

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এক্স-রে বিভাগের যন্ত্রপাতির মূল্য প্রায় এক কোটি টাকা। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা যন্ত্রপাতি পরীক্ষা করার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

 

বরগুনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন বলেন, দুপুরের পর ২০ থেকে ২৫ জন লোক একসঙ্গে এসে এক্স-রে বিভাগে কর্তব্যরত টেকনোলজিস্টের ওপর হামলা চালান। এতে বিভাগের বিভিন্ন যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোন কোন যন্ত্র সচল রয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এক্স-রে করাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মীর বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৬:১৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ