ভান্ডারিয়ায় দুই বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় হেলপার নিহত

হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় দুই বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় হেলপার নিহত
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


 

ভান্ডারিয়ায় দুই বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় হেলপার নিহত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

এদিকে, একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৯:০৭:০৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ