অভিযোগের পাহাড় নলছিটি পৌর প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে

হোম » ঝালকাঠী » অভিযোগের পাহাড় নলছিটি পৌর প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

অভিযোগের পাহাড় নলছিটি পৌর প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এনায়েত করিম মিশু।

 

মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনায়েত করিম মিশু অভিযোগ করেন, গত কয়েক বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও রাজস্ব প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে। রাস্তা নির্মাণ, মশক নিধন, জলবায়ু ট্রাস্ট, সোলার স্ট্রিট লাইট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ করেন তিনি।

 

এনায়েত করিম মিশুর অভিযোগ, পৌর প্রকৌশলী তাঁর সহযোগীদের নিয়ে এসব অনিয়মে জড়িত। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকার রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় বিলম্ব এবং ঘুষ দাবিরও অভিযোগ তোলেন তিনি।

 

সংবাদ সম্মেলনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

 

অভিযোগের বিষয়ে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামানের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হয়। একই নম্বরে হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:১০:২০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ