জুলাইয়ে জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

হোম » পটুয়াখালী » জুলাইয়ে জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

জুলাইয়ে জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে আবারও দেশসেরা হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। লক্ষ্যমাত্রার বিপরীতে গড়ে ২১১ দশমিক ৫ শতাংশ নিবন্ধন সম্পন্ন করে দেশের উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে গলাচিপা। মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

 

জুলাই মাসে গলাচিপা উপজেলায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে নিবন্ধন হয়েছে ৬৩৭টি। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ১১৬টির বিপরীতে হয়েছে ৩১৮টি। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে গড় অর্জনের হার দাঁড়িয়েছে ২১১ দশমিক ৫ শতাংশ।

 

উপজেলা পর্যায়ে গলাচিপার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার দাকোপ উপজেলা। সেখানে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অর্জনের হার ১৩০ শতাংশ।

 

এদিকে বিভাগীয় পর্যায়ে জুলাই মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম হয়েছে বরিশাল বিভাগ। লক্ষ্যমাত্রার বিপরীতে বিভাগের সামগ্রিক অর্জনের হার ৭৭ দশমিক ৫ শতাংশ। এ বিভাগে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৮৯৬টি, যার বিপরীতে নিবন্ধন হয়েছে ৯ হাজার ৮৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৬৪টি হলেও নিবন্ধন হয়েছে ৪ হাজার ৪৮৮টি। বরিশালের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ, যার অর্জনের হার ৬৫ দশমিক ৮ শতাংশ।

 

জেলা পর্যায়ে ১১৩ দশমিক ৯ শতাংশ অর্জন করে প্রথম হয়েছে পটুয়াখালী। জেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৯২টি, এর বিপরীতে হয়েছে ২ হাজার ১৯৯টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৭৩০টির বিপরীতে নিবন্ধন হয়েছে ১ হাজার ৬৭টি।

 

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘আবারও দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জড়িত প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সবাইকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই এ সাফল্য এসেছে।’

 

উল্লেখ্য, এর আগেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা বরিশাল বিভাগের সেরা হয়েছিল। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার স্বীকৃতি অর্জন করে। সে সময় দুমকীর ইউএনও হিসেবে আবুজর মো. ইজাজুল হক বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ৭:০০:৩৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ