ইয়াসিরের মৃত্যুর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হোম » লিড নিউজ » ইয়াসিরের মৃত্যুর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ : আহত ববি শিক্ষার্থী মারা গেছেন

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসির আরাফাতের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিরের মৃত্যু হলে রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

 

ইয়াসির আরাফাত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী শাখাওয়াত হোসেন।

 

শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।

 

বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম হোসেন বলেন, ‘ইয়াসির আমাদের বন্ধু ছিলেন। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল। সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও সড়কের বেহাল অবস্থাকে আমরা দুর্ঘটনার অন্যতম কারণ মনে করছি। এর প্রতিকার চেয়ে আমরা বিক্ষোভ করছি।’

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী শাখাওয়াত হোসেন বলেন, ‘ইয়াসিরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

 

এর আগে রবিবার বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে বিআরটিসির বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াসির আরাফাতসহ ছয়জন আহত হন। গুরুতর আহত ইয়াসিরকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় মাহিন্দ্রার আরও এক যাত্রী নিহত হন।

বাংলাদেশ সময়: ০:৫০:৩৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ