
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর মো. ইসমাইল শরীফ (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা এলাকার বেরিবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল শরীফ উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে ইসমাইল শরীফ বাড়ি থেকে বের হয়ে যান। পরে তিনি তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্ত্রী মোসা. শেফালী বেগম (৫০) তেলিখালী পুলিশ ফাঁড়িতে ফোন করে বিষয়টি জানান। এ সময় ফাঁড়ি থেকে তাকে খোঁজাখুঁজি করার পরামর্শ দেওয়া হয়।
পরদিন সকালে বাড়ির অদূরে বেরিবাঁধের দক্ষিণ পাশে ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এছাড়া গলার নিচে থেঁতলানো দাগ এবং অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যবসা করতেন। টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ ছিল বলেও স্থানীয়দের দাবি। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগনুল হাসান বলেন, খবর পেয়ে নিহতের বাড়ির কাছেই বেরিবাঁধের ঢাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।