দশমিনায় নিখোঁজের ৫১ ঘণ্টা পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

হোম » পটুয়াখালী » দশমিনায় নিখোঁজের ৫১ ঘণ্টা পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
রবিবার ● ৯ আগস্ট ২০২৬


 

দশমিনায় নিখোঁজের ৫১ ঘণ্টা পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের প্রায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী এলাকায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাটের তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা থেকে এক যুবক নদী সাঁতরে এপারে আসার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, নৌপুলিশ ফাঁড়ি, দশমিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে দশমিনা ফায়ার সার্ভিসের সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

 

রবিবার দুপুরে স্থানীয় যুবক সিফাত বাড়ির সামনে তেঁতুলিয়া নদীর তীরবর্তী বিলের মধ্যে মরদেহটি ভাসতে দেখেন। পরে তিনি নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

 

সিফাত জানান, জোয়ারের সময় মরদেহটি বিলের মধ্যে এসে আটকে যেতে পারে। পরে ভাটার সময় সেটি আর নদীতে নামতে পারেনি বলে তাঁর ধারণা।

 

এসআই ছিদ্দিক জানান, গত শুক্রবার সকালে কেদিরহাটের কলাবাড়ি এলাকায় তেঁতুলিয়া নদী সাঁতরে এপারে আসার সময় এক অজ্ঞাত যুবক নিখোঁজ হন। খবর পেয়ে সংশ্লিষ্ট সব সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

 

তিনি আরও জানান, রবিবার দুপুরে কাটাখালী এলাকায় বিলের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি শুক্রবার নিখোঁজ হওয়া যুবকের কি না, তা শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৫০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ