
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামে স্বরূপকাঠি পৌর কৃষকদলের বহিষ্কৃত সাবেক এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, একটি বাড়ির তালা ভেঙে চুরি করার সময় সুমনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে পিঠমোড় দিয়ে হাত-পা বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রবিবার (৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া মাদক সেবনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
সুমন সরকার স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরকারের ছেলে। তিনি স্বরূপকাঠি পৌর কৃষকদলের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত ১৮ জুলাই পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
নেছারাবাদ উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. সেলিম মিয়া বলেন, ‘গত শুক্রবার একটি বাড়িতে সুমন চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। পরে শনিবার সন্ধ্যায় তাকে রাস্তায় পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে কৌশলে সরে যায়। রাতে অন্য একটি বাড়িতে গিয়ে তালা ভেঙে চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘চুরির অভিযোগে স্থানীয়রা সুমনকে ধরে থানায় দিয়ে গেছে। তার কাছে চুরির মালামাল পাওয়া গেছে। এ ঘটনায় চুরির মামলা হয়েছে।’