গাঁজাসহ গ্রেফতার, পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

হোম » পিরোজপুর » গাঁজাসহ গ্রেফতার, পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬



গাঁজাসহ গ্রেফতার, পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে মো. জুয়েল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সদর উপজেলার মাছিমপুর (৮ নম্বর ওয়ার্ড) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল শেখ ওই এলাকার ইউসুফ শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান চলাকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মো. জুয়েল শেখকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১২:০৮:০০ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ