
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
দীর্ঘদিনের হতাশা কাটিয়ে গভীর বঙ্গোপসাগরে এক জালেই বিপুল পরিমাণ ইলিশ পেয়েছেন বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা। জাল ফেলার মাত্র দুই ঘণ্টার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। মাছের পরিমাণ এত বেশি ছিল যে, জাল থেকে ইলিশ ছাড়াতেই হিমশিম খেতে হয় জেলেদের।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি নাজমা ট্রলারটি প্রায় ৯৫ মণ ইলিশ নিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে। এসব মাছ বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা পেয়েছেন ট্রলার মালিক।
ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে রওনা হন তারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গভীর সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে দেখা যায়, পুরো জালজুড়েই রুপালি ইলিশ। বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জাল থেকে মাছ ছাড়াতে তাদের বেশ বেগ পেতে হয়।
বাপ্পি মিয়া আরও জানান, গত কয়েক মাস ধরে উপর্যুপরি লঘুচাপ ও নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ থাকায় ইলিশের মৌসুমেও তারা ঠিকমতো মাছ শিকার করতে পারেননি। এবার এক জালেই বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা সবাই আনন্দিত। রবিবার সকালে মাছ বিক্রি শেষে রাতে আবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
ট্রলারের জেলে শ্রমিক আলমগীর হোসেন বলেন, ‘চলতি মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়ায় সংসার চালাতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। একসঙ্গে এত মাছ পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে।’
ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ৯৫ মণ ইলিশ ১৮ হাজার থেকে ৪১ হাজার টাকা মণ দরে বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা পাওয়া গেছে। মাছগুলোর আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। এর চেয়ে একটু বড় আকারের মাছ হলে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যেত। গত পাঁচ দিনে দুই ট্রিপে সাগর থেকে ৫৫ লাখ টাকার মাছ আহরণ করেছেন তিনি। তার ছয়টি মাছ ধরার ট্রলার রয়েছে।
পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, চলতি ইলিশ মৌসুমে এক ট্রলারে ৯৫ মণ মাছ পাওয়ার ঘটনা এটাই প্রথম।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দীর্ঘদিন মাছের দেখা না পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা লোকসানে ছিলেন। একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় সেই লোকসান অনেকটাই কাটিয়ে ওঠার আশা করছেন তারা। একটি মাছ ধরার ট্রলারে এত মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় বিএফডিসি ঘাটে থাকা অন্য ট্রলার ও জেলেরাও গভীর বঙ্গোপসাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।