সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিককে ‘ডিম থেরাপি’র হুমকি

হোম » গণমাধ্যম » সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিককে ‘ডিম থেরাপি’র হুমকি
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


 

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিককে ‘ডিম থেরাপি’র হুমকি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

অভিযুক্ত ইমাম হাসান অনিক বাউফল পৌরসভা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। তার বাবা মো. হুমায়ুন কবির পৌরসভা বিএনপির সভাপতি।

 

স্থানীয়দের অভিযোগ, তেঁতুলিয়া নদীর বাউফল অংশে নদীভাঙনের ঝুঁকি থাকায় প্রশাসন বালুমহালের ইজারা স্থগিত রাখলেও গভীর রাত থেকে দিনভর খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এ নিয়ে গত ৩ ও ২২ জুলাই প্রথম আলোতে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ২৩ জুলাই এ বিষয়ে সম্পাদকীয় প্রকাশ করে পত্রিকাটি।

 

এরপর সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে। নিজের ফেসবুক আইডিতে তিনি প্রশ্ন করেন, ‘সঠিক তথ্যের ভিত্তিতে অবৈধভাবে বালু তোলার বিষয়টি প্রকাশ করা কি অন্যায় হয়েছে?’

 

ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে ইমাম হাসান অনিক ২০১৫ সালে নির্যাতনের শিকার সাংবাদিক মিজানুর রহমানের একটি পুরোনো ছবি পোস্ট করে তাকে ‘ডিম থেরাপি’র হুমকি দেন বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। একই সঙ্গে তাকে মামলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

 

সাংবাদিক এবিএম মিজানুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য-প্রমাণভিত্তিক সংবাদ প্রকাশ করা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে সেই অন্যায় আমি করেই যাব। কোনো হুমকি, ভয়ভীতি কিংবা অপপ্রচারে আমি সত্য প্রকাশ থেকে পিছিয়ে যাব না।

 

বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অশালীন মন্তব্য, অপপ্রচার ও মারধরের হুমকি দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে সাংবাদিকদের বিরত রাখা যাবে না।

 

প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান বলেন, ২০১৫ সালে সংবাদ প্রকাশের জেরে নির্যাতনের শিকার সাংবাদিক মিজানুর রহমানের পুরোনো ছবি ব্যবহার করে আবারও তাকে মারধরের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

 

সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৮ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ