বরগুনায় জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে ভাঙা সেতু সংস্কার

হোম » বরগুনা » বরগুনায় জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে ভাঙা সেতু সংস্কার
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


-

 

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা সদর উপজেলার দুটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে একটি ভাঙা লোহার সেতু সংস্কার করে দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান খান।

 

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার এম. বালিয়াতলী ও নলটোনা ইউনিয়নের চরপাড়া-শিয়ালিয়া এলাকার নলীরধন নদীর ওপর নির্মিত সেতুটির ভাঙা অংশ গাছের তক্তা দিয়ে সংস্কার করা হয়। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ ও শিক্ষার্থীর চলাচলে দুর্ভোগ অনেকটা কমেছে।

 

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে লোহা ও কাঠের স্লিপার দিয়ে সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনে কাঠের অংশ নষ্ট হয়ে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও দীর্ঘ সময় ধরে সেতুটি সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করছিলেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

 

স্থানীয় বাসিন্দা মাহবুব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি নড়বড়ে অবস্থায় ছিল। শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতেন। এখন সংস্কার করায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমেছে।

 

এ বিষয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাচলে অনেক কষ্ট হতো। তাই এলাকার কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে নিজ অর্থায়নে গাছের তক্তা দিয়ে সেতুটি সংস্কার করেছি। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত সেতুটি নতুন করে সংস্কারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

বাংলাদেশ সময়: ১৪:০৪:১১ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ