মক্তব থেকে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এসএসসি পরীক্ষার্থী পলাতক

হোম » খুলনা » মক্তব থেকে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এসএসসি পরীক্ষার্থী পলাতক
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


প্রতীকী চিত্রসাগরকন্যা প্রতিবেদক, কুষ্টিয়া

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় মক্তব থেকে কৌশলে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার এসএসসি পরীক্ষার্থী রিফাত প্রামাণিকের (১৭) বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

 

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত প্রামাণিক বানিয়াপাড়া এলাকার আসলাম প্রামাণিকের ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

 

শিশুটি নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের মতো সেদিনও সকালে বাড়ির পাশের একটি মসজিদের মক্তবে কোরআন পড়তে যায়। পাঠ শেষে বৃষ্টির কারণে সে মক্তবেই অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত রিফাত তার বোনের কথা বলে পাশের একটি বাড়িতে রয়েছে বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। রিফাতের ছোট বোন ওই ছাত্রীর সাথে একই ক্লাসে পড়ে। এদিকে মক্তবসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ছাত্রীটিকে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

 

এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে পথচারী এক ব্যক্তি পরিত্যক্ত বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করেন। ওই ব্যক্তির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরে শিশুটিকে তার নানার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। রবিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

 

শিশুটির দাদা বলেন, নাতনি ছোটবেলা থেকেই তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে। দুপুরে জানতে পারি, প্রতিবেশী রিফাত তাকে ধর্ষণ করেছে। আমরা থানায় মামলা করেছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন ঘটনার শিকার হতে না হয়।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ৯:০৭:১২ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ