সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

হোম » বিশ্ব » সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণাসাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান আকাশচুম্বী ভবন কিংডম সেন্টারের সব অফিসকে হোম অফিসের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটির সব অফিসের কার্যক্রম বাসা থেকে পরিচালনা করতে বলা হয়েছে। তবে ভবনটির শপিংমল খোলা রয়েছে।

 

ভবনটির ভাড়াটেদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কর্মীদের অফিসে না আসার অনুরোধ জানিয়েছে। ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার রিয়াদের অন্যতম পরিচিত বাণিজ্যিক স্থাপনা।

 

এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের সম্ভাব্য হামলার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল স্থগিত থাকায় সৌদি আরবে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটি।

 

শনিবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণ বিঘ্নের বিষয়ে নাগরিকদের সতর্ক করে।

 

মার্কিন মিশনের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রয়েছে। তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। এসব বিমানবন্দরে কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হচ্ছে এবং ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটছে।

 

সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনাকারী মার্কিন নাগরিকদের যাত্রার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এ ছাড়া আরও হামলার আশঙ্কা এবং ফ্লাইটের সময়সূচি ও আকাশসীমা ব্যবহারের সুযোগে আকস্মিক পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের মোবাইল ফোনে পাঠানো জাতীয় জরুরি সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ