চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, টিয়ার গ্যাস নিক্ষেপ

হোম » ভোলা » চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, টিয়ার গ্যাস নিক্ষেপ
শনিবার ● ১১ জুলাই ২০২৬


চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, টিয়ার গ্যাস নিক্ষেপ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদার, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না পেয়ে একদল পরীক্ষার্থী হামলা চালায়। তিনি বলেন, পরীক্ষা শেষে প্রায় ৮৮৪ পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করার পর বেলা ১টা ১৫ মিনিটের দিকে প্রায় ২০০ পরীক্ষার্থী প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় এবং কলেজ প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করে। পরে তারা উত্তর-পশ্চিম পাশের দুটি গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ের পেছনের জানালার কাচ ভাঙচুর করে। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় পরীক্ষার উত্তরপত্র নিরাপদে ডাকঘরে পাঠানো হয় বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার আইসিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের জানালা ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর চালায়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে এবং শিক্ষকদের সহযোগিতা না পাওয়ার অভিযোগে পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, পরীক্ষা কেন্দ্রে একদল পরীক্ষার্থী হামলা চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হলে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, হামলার কারণ নিয়ে প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে কিছু পার্থক্য রয়েছে। এক পক্ষের দাবি, অসদুপায় অবলম্বনে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে; অন্যদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রশ্ন কঠিন হওয়া ও কক্ষ পরিদর্শকদের সহযোগিতা না পাওয়াকে বিক্ষোভের কারণ হিসেবে উল্লেখ করেছেন।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৫:২৫ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ