বাউফলে ছাত্র শক্তির আহ্বায়ককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

হোম » পটুয়াখালী » বাউফলে ছাত্র শক্তির আহ্বায়ককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

উপজেলা ছাত্র শক্তির আহ্বায়ক মো. রুহুল আমিন। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা ছাত্র শক্তির আহ্বায়ক মো. রুহুল আমিনকে (২২) হত্যা করে থানার সামনে ঝুলিয়ে রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক সক্রিয় কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করে মঙ্গলবার রাতে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। হুমকির পোস্টে উপজেলা ছাত্রদলের সভাপতির মন্তব্য নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

জিডি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। পরে উপজেলা ছাত্র শক্তির আহ্বায়ক রুহুল আমিন নিজের ফেসবুক আইডিতে পাল্টা রাজনৈতিক মন্তব্য পোস্ট করলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাকবিতণ্ডা শুরু হয়।

 

অভিযোগে বলা হয়, উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা ও ছাত্রদলের সক্রিয় কর্মী ইফতি আহম্মেদ শাওন ছাত্র শক্তির রুহুল আমিনের পোস্টের ফটোকার্ড শেয়ার করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাকে ‘মারধর করে থানার সামনে ঝুলিয়ে রাখার’ হুমকি দেন। একই সঙ্গে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়। অভিযোগ রয়েছে, ওই পোস্টের মন্তব্যে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদও প্রতিক্রিয়া জানিয়ে অভিযুক্তের বক্তব্যকে সমর্থন করেন।

 

রুহুল আমিন বলেন, ‘একটি রাজনৈতিক মতামত প্রকাশের জেরে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি।’

 

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন রাজনৈতিক কর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া এবং সেটিকে আরেকজন নেতার সমর্থন করা অত্যন্ত উদ্বেগজনক। মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইফতি আহম্মেদ শাওনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ২২:২৪:৪০ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ