শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ

হোম » বরগুনা » শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬


শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সাগরে গোসলের সময় ঢেউয়ের তোড়ে তলিয়ে মো. আসাদুল নামে এক দাখিল পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে মো. আসাদুল বন্ধু জাকারিয়া, আতাউল্লাহ, শাওন ও সাগরকে নিয়ে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যান। দুপুরে পাঁচ বন্ধু সাগরে গোসল করতে নামলে হঠাৎ ঢেউয়ের তোড়ে তারা ভেসে যান। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হলেও আসাদুল নিখোঁজ হন।

খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালিয়েও আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া চারজনকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

নিখোঁজ আসাদুল এ বছর মানিকঝুড়ি মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন।

উদ্ধার হওয়া বন্ধু জাকারিয়া বলেন, আমরা পাঁচ বন্ধু মিলে সাগরে গোসল করতে নেমেছিলাম। হঠাৎ বড় ঢেউ এলে আমরা সবাই পানিতে তলিয়ে যাই। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, নিখোঁজ আসাদুলকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, চারজনকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১২:১৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ