
সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে র্যালি, আলোচনা সভা, ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জিয়ানগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী। তিনি পল্লী উন্নয়নের বিভিন্ন দিক, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকা তুলে ধরেন। এ সময় একটি ভিডিও ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রাম। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান সরকার পল্লী উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জিয়ানগর ইউসিসিএর সভাপতি জাকির হোসেন, পিরোজপুর জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা জামায়াতের আমির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির সমবায়ী ও সুফলভোগী সদস্য, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিআরডিবির ৫ জন উদ্যোক্তা ও ১৫ জন সমবায়ীসহ মোট ২০ জনের মধ্যে ১১ লাখ ২৮ হাজার টাকার ঋণ সহায়তা এবং গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি জিয়ানগরের পরিদর্শক মো. শাকিল খান।
এসকে/এমআর